হাকিমপুরে ক্ষুরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

নিজের গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করেছেন ফেরদৌস রহমান (২৪) নামের এক যুবক। রবিবার সকাল ১০টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইটাই গ্রামে এঘটনা ঘটে। তিনি উপজেলার ইটাই গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।
 
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, নিহত ফেরদৌস তার বাবার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন। একারণে তিনি প্রায় সময় হতাশার মধ্যে থাকতেন। রবিবার সকালে তিনি চিকিৎসার জন্য গ্রাম্য এক কবিরাজের কাছেও যান। 
 
সেখান থেকে বাড়িতে ফিরে নিজ ঘরের আয়নার সামনে গিয়ে গলায় ক্ষুর লাগিয়ে টান দেন। এতে তার শ্বাসনালী কেটে গেলে মাটিতে লুটিয়ে পড়েন এবং কাতরাতে থাকেন। শুনে বাড়িতে থাকা তার বৃদ্ধা মা চিৎকার করলে প্রতিবেশিরা দ্রুত এসে ফেরদৌসকে উদ্ধার করেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
 
এদিকে নিহতের বড় ভাই ইমরান হোসেন জানান, ফেরদৌস মাদকাসক্ত ছিল। সে বিভিন্ন সময়ে নেশার টাকার জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি করত। কোনো কর্মও করত না। তাই বাবা মারা যাওয়ার পর পরিবারে রোজগার করার মত কেউ ছিল না। আমি পঙ্গু হলেও ফেরদৌস টাকা চেয়ে না পেলে আমার সাথেও অসাদাচারণ করত। কিন্তু সে এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছি না।
 
ইত্তেফাক/নূহু