শনিবার রাতের বৃষ্টিতে মাগুরায় ১২শ হেক্টর জমির পাকা ধান ও পাট তলিয়ে গেছে। ধানের ভালো ফলন হলেও বৃষ্টির কারনে বোরো ধান কাটা ও শুকানো নিয়ে কৃষক হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।
কৃষিবিভাগ সুত্রে জানা গেছে, মাগুরায় চলতি মৌসুমে জেলায় ৪৪ হাজার ২৫০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার ৬৫০ হেক্টর। লক্ষ্যমাত্রার চাইতে ১২ হাজার ৬শ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। ধানের ভালো ফলন হলেও ১২শ হেক্টর জমির পাকা ধান ও পাট তলিয়ে গেছে। এরমধ্যে ৭শ হেক্টর জমির পাকা ইরি, বোরো এবং ৫শ হেক্টর জমির পাটক্ষেত তলিয়ে গেছে।
মাগুরায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বিরূপ অবহাওয়ার কারনে কৃষি শ্রমিকের ব্যাপক চাহিদার সৃষ্টি হওয়ায় প্রতিদিন একজন শ্রমিকের ৮শ টাকা করে মজুরি দিতে হচ্ছে। সেই সাথে রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা। কৃষক মাঠে ধান কেটে রাখার পর বৃষ্টিতে ডুবে গেছে। ফলে বিচালী নষ্ট হচ্ছে।
মাগুরা সদর উপজেলার সীতারাম গ্রামের ইফসুফ মিয়া, আতর আলী, হবিবর, আকামত জানান, বৃষ্টিতে মাঠের পাকা ধান ও পাটক্ষেত তলিয়ে নষ্ট হয়েছে। পানির মধ্যে ডুবে থাকা ধান কাটতে হচ্ছে। ফলে নষ্ট তো হচ্ছেই, পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যায় হচ্ছে।
তারা আরও জানান, ইরি, বোরো ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু তারা বৃষ্টির কারণে ধান কাটা, শুকানো ও মাড়াই করতে পারছেন না!
মাগুরা সদর উপজেরা কৃষি কর্মকর্তা রুহুল আমিন জানান, বৃষ্টিতে ১২শ হেক্টর জমির পাকা ধান ও পাটক্ষেত তলিয়ে গেছে। এর মধ্যে ৭শ হেক্টর জমির ধান ও ৫শত হেক্টর জমির পাটক্ষেত। আর্থিক ক্ষতির পরিমান নিরূপনের কাজ চলছে।
ইত্তেফাক/নূহু