দেবহাটায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা ছাত্রীর বাবা ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। 
 
আবেদন সূত্রে জানা গেছে, ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মাসুদ করিমের কাছে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক মেধাবী ছাত্রী প্রাইভেট না পড়ায় কারনে-অকারনে তিনি তার সাথে অসৌজন্যমূলক আচরণ ও কটুক্তি করে।
 
গত জেএসসি পরীক্ষায় মেয়েটি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখেছে। ওই শিক্ষকের নির্যাতনের কারনে গত জেএসসি পরীক্ষার পর তার বাবা তাকে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে চাইলে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও কয়েকজন শিক্ষক তার বাড়িতে গিয়ে ভবিষ্যতে এ ধরনের কোন আচরণ আর না করার প্রতিশ্রুতি দেয়। তখন তিনি কন্যাকে উক্ত বিদ্যালয়ে রাখেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো ওই শিক্ষক তার কাছে প্রাইভেট না পড়ার কারনে শ্রেণিকক্ষে মেয়েটিকে বিভিন্নভাবে কটুক্তিসহ মানুষিক চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে গত ইং ২১/০৪/২০১৮ তারিখে বিনা কারনে তার কন্যাকে মারপিটসহ অবাঞ্চিত কথাবার্তা বলেন।
 
মেয়েটির বাবা অভিযোগ করেন, তার মেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে এবং তার স্বাভাবিক লেখাপড়া ব্যাহত হচ্ছে। তিনি এ ব্যাপারে গত ২৪/০৪/২০১৮ তারিখে স্কুলের প্রধান শিক্ষকের নিকট একটি লিখিত অভিযোগ দেন এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেন। এখন পর্যন্ত তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করায় তিনি উপযুক্ত বিচার পাওয়ার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। 
 
এ ব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ জানান, তিনি অভিযোগটি পেয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/নূহু