সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতে গিয়ে রাশেদুল নামে এক শ্রমিকের অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাওয়া এবং দ্বিতীয় দিনে ওই একই কারখানায় আরো ৩ জন শ্রমিক অসুস্থ হওয়ায় বিক্ষোভ করেছে অন্য শ্রমিকরা। এ সময় শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সড়ক থেকে সড়িয়ে দেয়। পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে এমন আশঙ্কায় কারখানাটিতে দুইদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ।
রবিবার দুপুরে সাভারের উলাইল এলাকায় অবস্থিত প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল গার্মেন্টস এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শনিবার প্রাইড গ্রুপের এইচআর টেক্সটাইল কারখানার সুইং অপারেটর রাশেদুল অসুস্থ হওয়ার পর ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে কারখানার ভিতরে মারা যান। এ ঘটনায় ওই কারখানার সকল শ্রমিক একযোগে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। দীর্ঘ পাঁচ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর নিহত শ্রমিক পরিবারকে নগদ আট লাখ টাকা ক্ষতিপূরণ দিলে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারী শ্রমিকরা।
এদিকে রবিবার সকালে প্রতিদিনের মতো ওই কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। কিছুক্ষণ কাজ করার পর বিথি খাতুন (১৮), সুমি খাতুন (২২) ও পারুল খাতুন (৩০) নামের তিন শ্রমিক অজ্ঞান হয়ে যান। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা কাজ বন্ধ রেখে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। এ সময় সংঘর্ষের আশঙ্কায় পরিস্থিতি শান্ত করতে কারখানাটিতে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদেরকে সড়িয়ে দেয়।
শিল্প পুলিশের অতিরিক্ত পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, কারখানায় কাজ করতে গিয়ে তিন জন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্য শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ করায় পরিস্থিতি সামাল দিতে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন মালিকপক্ষ।
ইত্তেফাক/ইউবি