গজারিয়ায় পুলিশের লাঠির আঘাতে যুবক নিহতের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের লাঠির আঘাতে ব্রিজ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম, মোঃ মিঠু মিয়া (২৬)। সে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের মোঃ মিয়া চাঁন এর ছেলে। রবিবার বিকালে বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া ব্রিজ সংলগ্ন পুকুর ঘাটে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
প্রত্যেক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিকাল বেলা মিঠু মিয়া টেকপাড়া ব্রিজের ওপর বন্ধুদের সঙ্গে বসে ছিল। তখন ওই রাস্তা দিয়ে গজারিয়া থানার সহকারী উপপরিদশক মোয়াজ্জেম হোসেন ও কনষ্টেবল জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলে যাচ্ছিল। তারা মিঠুদের দেখে মোটরসাইকেল থেকে নেমে সকলকে লাঠি দিয়ে ধাওয়া দেয়। সবাই দৌড় দিলে পিছনে থাকা মিঠুর ঘারে লাঠির আঘাত লাগে। সে পাশের পুকুরের ঘাটে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আরশাদ কবির মিঠুকে মৃত ঘোষণা করে।
 
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, আমি মুন্সীগঞ্জে ব্যস্ত আছি। বিষয়টি সম্পর্কে অবগত নই।
 
তবে গজারিয়া থানার সহকারী উপপরিদশক মোয়াজ্জেম হোসেন জানান, মনাইরকান্দি এলাকায় ওয়ারেন্ট তামিল করতে যাওয়ার সময় আমাদের দেখে তারা দৌড় দিলে পুকুর ঘাটে পড়ে আহত হয়। তার শরীরে আমরা কেউ লাঠি দিয়ে আঘাত করিনি। বিষয়টি ইউপি মেম্বার কামাল হোসেন অবগত আছেন।
 
বাউশিয়া ইউপি মেম্বার কামাল হোসেন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। ঘটনা ঘটে যাওয়ার পর এএসআই মোয়াজ্জেম আমাকে ফোন দিলে আমি উপস্থিত হয়ে ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
 
ইত্তেফাক/নূহু