বকশীগঞ্জে জরিনা বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার স্বামী। সোমবার সকালে পৌর শহরের মালিরচর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী লুৎফর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে পৌর শহরের মালিরচর বেপারীপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে লুৎফর রহমানের (৪০) সাথে দিনাজপুর জেলার মইনুল হকের মেয়ে জরিনা বেগমের (৩০) বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে লুৎফর স্ত্রী জরিনা বেগমকে নির্যাতন করে আসছেন।
এরজের ধরে সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে জরিনাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন লুৎফর। পরে গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ লুৎফরকে আটক ও গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আরকেজি