স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অধীনে প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে হাডার্সফিল্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত হয় দলটির। এটি দলটির পঞ্চম লিগ শিরোপা। ২০১৩-১৪ মৌসুমের তাদের প্রথম লিগ শিরোপা এটি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরের মৌসুমে এই শিরোপা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই বার্সেলোনা কোচ। শিরোপা নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে যোগ দেয়ার সময় গার্দিওলা তার সঙ্গে মঞ্চে নিয়ে যান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের নেপথ্যে ক্লাবের মুল কারিগর দলের ৭ কোচিং স্টাফকেও।
লিগে ধুকতে থাকা হাডার্সফিল্ডের সঙ্গে কোন কারণে হেরে গেলেও খুব একটা হতাশা ছিল না সিটিজেনদের জন্য। কারণ এখনো তাদের হাতে রয়েছে আরো দু’টি লিগ ম্যাচ। শিরোপা নিশ্চিত হবার পরও ওই ম্যাচ দু’টির গুরুত্ব এতটুকু কমেনি সিটির জন্য। কারণ ওই দুই ম্যাচের মাধ্যমে তাদের সামনে অপেক্ষা করছে প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড। যেগুলোর মধ্যে রয়েছে সর্বাধিক জয়, পয়েন্ট ও গোলের রেকর্ড।
এ লক্ষ্যগুলো এখনো অনুপ্রাণিত করছে গার্দিওলাকে। এসব ছাপিয়ে গার্দিওলা পরবর্তী মৌসুমেও এই শিরোপাটি রেখে দেয়ার লক্ষ্য স্থির করেছেন।
তিনি বলেন, ‘নতুন রেকর্ড গড়ার হাতছানিকে আমরা উপেক্ষা করছি না। তবে এর চেয়েও বেশি আনন্দের হচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা। আমরা সেটাই বলেছি। এই লক্ষ্য আমাদেরকে আরো ভাল করার অনুপ্রেরণা যোগাবে। আমরা চেষ্টা করব। তবে এটি বেশ কঠিন হবে। আপনি যখন ম্যাচ জিতবেন তখন এটি সহজ হয়ে যাবে। তবে আগামী মৌসুমটি হবে আরো কঠিন। তখন সবাই চাইবে আমাদের হারাতে। এই বিষয়ে আমাদের মনোযোগ রয়েছে। আমরা জানি আগামী মৌসুমটি আমাদের জন্য কতটা কঠিন হবে।’
সিটির সঙ্গে বর্তমান চুক্তি মোতাবেক গার্দিওলার হাতে আর মাত্র একটি মৌসুম রয়েছে। কারণ ২০১৬ সালের গ্রীস্মে তিনি ক্লাবটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। হাডারসফিল্ডের বিপক্ষে ম্যাচ শুরু আগে তিনি অবশ্য বলেছেন চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। তবে সিটিকে তৃতীয় লিগ শিরোপা এনে দেয়া এই কাতালান কোচ বলেছেন, এখানে তিনি ভালো আছেন। বলেন, ‘এখানে আমি খুবই স্বাচ্ছন্দ্যে আছি। আমরা একে অপরের ভালবাসায় সিক্ত। এই ক্লাবটির দীর্ঘদিনের কোন ঐতিহ্য নেই। তবে ছয় থেকে সাত বছরের মধ্যে তিনটি লিগ শিরোপা জয় করা কম কথা নয়। যেভাবে আমরা এবারের শিরোপা জয় করেছি তাতে আমরা সন্তুষ্ট। ’
ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৩০ জয় নিয়ে চ্যাম্পিয়ন শিরোপা নিশ্চিত করা সিটির সংগ্রহ দাঁড়িয়েছে ৯৪ পয়েন্ট। এই নিয়ে লিগে দ্বিতীয় বারের মত গোলের দেখা পেতে ব্যর্থ হয়েছে সর্বমোট ১০২ গোল পাওয়া ক্লাবটি। এর আগে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল মোট চার ম্যাচে ড্র পাওয়া ক্লাবটি।
রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেমে আসে স্টেডিয়ামে। এ সময় যথাযথ উৎসবমুখর পরিবেশের মধ্যেই লিগের ট্রফি হস্তান্তর করা হয় সিটিজেনদের কাছে।
ইত্তেফাক/কেআই