কাস্টম কর্তকর্তার সঙ্গে বিজিবি সদস্যের অসৌজন্যমূলক আচরণ

বেনাপোল কাস্টমস হাউসের একজন রাজস্ব কর্তকর্তার সঙ্গে কয়েকজন বিজিবি সদস্য অসৌজন্যমূলক আচরণ করেছেন অভিযোগ উঠেছে। 
 
রবিবার বিকালে বেনাপোলস্থ সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা ও সুষ্ঠু বিচার চেয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল কাস্টমস অফিসার এসোসিয়েশনের সভাপতি রাজস্ব কর্মকর্তা গোলাম মোর্তজা ও সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লা আল মামুন। 
 
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আর্শাদ হোসাইন বলেন, ‘এপ্রিল মাসের মোট রাজস্বের সঙ্গে সোনালী ব্যাংকে জমাকৃত রাজস্বের ক্রস চেকিংয়ের জন্য বেনাপোলস্থ সোনালী ব্যাংকে যাই। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখতে সারিবদ্ধ লাইনে তাদের কাজ সম্পন্ন করতে থাকে।  অন্য ১০ জনের মতো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ কয়েকজন বিজিবি সদস্য লাইন ভঙ্গ করতে চাইলে আমি তার প্রতিবাদ করি। এ সময় বিজিবি সদস্যরা আমার সঙ্গে দুব্যবহার করেন। আমার পরিচয় দিলে তারা কোনো কথা না শুনে  মারমুখী হয়। পরে বিষয়টির সুষ্ঠু বিচার চেয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার বরাবর  আবেদন করিছি।’ 
 
এ ব্যাপারে ৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, বিষয়টি তার জনা নেই। তবে কোনো ক্যাম্পের বিজিবি ও তাদের নাম ঠিকানা বললে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি