কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে সোমবার দুপুরে ট্রাক ও ইটবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে মজনু আলী (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত মজনু উপজেলার বারো পশ্চিমপাড়া গ্রামের আদম আলীর ছেলে।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, ভটভটিতে ইট বোঝাই করে ভেড়ামারার দিকে যাচ্ছিলেন মজনু। এ সময় ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত মজনু আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু