বিদায়ী ম্যাচে কোচ আর্সেন ওয়েঙ্গারকে বড় জয় উপহার দিল আর্সেনাল। রবিবার প্রিমিয়ার লিগে নিজেদের শেষ হোম ম্যাচে তারা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বার্নলিকে। দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করা ফরাসি ওয়েঙ্গারের শেষ হোম ম্যাচ এটি। ম্যাচের দিন তাকে দেয়া হয় বীরোচিত সংবর্ধনা। খেলা শুরুর আগেই দুই ক্লাবের খেলোয়াড়রাই গার্ড অব অনার দেন ৬৮ বছর বয়সী ওয়েঙ্গারকে।
এমনিতে সাম্প্রতিক সময়ে ক্লাবের বাজে পারফর্মেন্সে হতাশ আর্সেনাল সমর্থকরা কোচের পদত্যাগ দাবী করলেও রবিবার তাকে বিদায় জানাতে এমিরেটস স্টেডিয়ামে হাজির হয় বিপুল সংখ্যক সমর্থক। কানায় কানায় পূর্ণ হয়ে যায় ৬০ হাজার আসন ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি। লাল টি-শার্ট পড়া এসব সমর্থক বহন করে নিয়ে আসে ‘মার্সি আর্সেন অর্থাৎ ধন্যবাদ আর্সেন’ লেখা সম্বলিত ব্যানার।
ওয়েঙ্গার তার শেষ নোট সিটে লিখেছেন, ‘ধারণা করছি আজকের দিনটি হবে দুঃখ-ভারাক্রান্ত। আর্সেনালে ইতি ঘটতে যাচ্ছে সুদীর্ঘ এক গল্পের। এই ক্লাবটিকে নেতৃত্বে দিতে পেরে এখনো আমি গর্ববোধ করছি। দীর্ঘ এই সময়ে আমি অনেক কিছুই অর্জন করেছি।’
আর্সেনালে সুদীর্ঘ এই ক্যারিয়ারে ওয়েঙ্গার প্রিমিয়ার লিগের তিনটি শিরোপা জয়ের পাশাপাশি জয় করেছেন রেকর্ড সংখ্যক ৭টি এফএ কাপ শিরোপা। ২০০৩-০৪ মৌসুমে প্রথম শিারোপা জয় করেন এই ফরাসি। ওই মৌসুমে কোন ম্যাচে না হেরে লিগ শিরোপা জিতে আর্সেনাল।
রবিবার ম্যাচের শুরু থেকেই দারুণ দক্ষতা দেখিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্বাগতিক দল। ম্যাচের ১৪তম মিনিটেই দেখা পায় প্রথম গোলের। ফরাসি ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজেতের পাসের বল সহজেই বার্নলির জালে জড়ান গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াং। যোগ করা সময়ে বেলেরিনের ক্রসের বল পেয়ে লক্ষ্যভেদ করেন লাকাজেত (২-০)। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওয়েঙ্গারের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। জ্যাক উইলশায়ারের পাস থেকে বল পেয়ে কৌনিক শটে জালে জড়ান ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ (৩-০)। ৬৪তম মিনিটে আলেক্স আইওবি উড়ো শটে গোল করলে ৪-০ ব্যবধানে পৌছে যায় আর্সেনাল। ১১ মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন আউবামেয়াং (৫-০)। এই জয়ের ফলে লিগের ৩৬ ম্যাচ থেকে ১৮টি জয় ও ছয়টি ড্র নিয়ে ৬০ পয়েন্ট সংগ্রহের মাধ্যমে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে আর্সেনাল।
একই রাতে অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে পৌঁছে গেছে চেলসি। দলের পক্ষে ৩২তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অলিভার জিরাউড।
ইত্তেফাক/কেআই