কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রাইভেটকারভর্তি দেড়শ’ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩৯) নামে প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। আনোয়ার জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে সোমবার ডিবি পুলিশ ১৫০ কেজি গাঁজাসহ আনোয়ারকে আটক করে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ পিপিএমের নেতৃত্বে একটি দল সোমবার সকালে এ অভিযান চালায়।
ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ওই প্রাইভেটকারে থাকা অপর ২জন পালিয়ে যায়। এ ব্যাপারে বুড়িচং থানায় মাদক আইনে মামলা হয়েছে। অপর ২জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ইত্তেফাক/নূহু