ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের তিন যাত্রী অজ্ঞান অবস্থায় ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে তাদের ভর্তি করা হয়।
সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরে আসেনি। তারা হলেন- রাজধানীর বাড্ডা এলাকার মতিউর রহমান (৩৬), যশোরের রনজিৎ (৩০) ও ময়মনসিংহের মীর আব্দুল খালেক (৪০)। এদরে মধ্যে মতিউর ভারত যাচ্ছিলেন বলে তার সঙ্গে থাকা অপর চার বন্ধু জানিয়েছেন। এদের একজনের ম্যানিব্যাগ ও মোবাইল হারানো গেছে।
মতিউর রহমানের বন্ধু জুয়েল ও হানিফুর জানান, তারা ৫ বন্ধু ভারতে যাওয়ার জন্য মালিবাগ থেকে বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি গাড়িতে উঠেন। মাঝপথে এ ঘটনা ঘটে। অচেতন মতিউর রহমানের দুটি মোবাইল ও ৫০ হাজার টাকা খোয়া গেছে।
তারা আরো জানান, আব্দুল্লাহপুর থেকে দুইজন যাত্রী উঠে পাটুরিয়া ঘাটে জামে পড়লে গাড়ি থেকে নেমে তারা আর ফিরে আসেনি।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জানান, তাদের জ্ঞান ফিরতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে। তার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে সোহাগ পরিবহনের মধুখালী ফরিদপুর অঞ্চলের চেকার মো. রবিউল ইসলাম জানান, ফেরির উপর থেকে এ ধরণের কাজ হতে পারে। ফেরি থেকে এফ-২ এবং এফ-৩ বেনাপোল টিকিটধারী দুইজন যাত্রী নেমে গেছে।
ইত্তেফাক/ইউবি