সিলেটের সাথে ট্রেন যোগাযোগ দু'দফায় বিচ্ছিন্ন হওয়ার সাত ঘণ্টা পর ফের শুরু হয়েছে চলাচল। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টায় এ চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, কালবৈশাখী ঝড়ে আজ ভোরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনের ইঞ্জিনের উপর গাছ পড়ে ভোর পৌনে ৫টা থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। সকাল সোয়া ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা পরে সকাল সাড়ে ১০টায় জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় মাটিসহ গাছ উপড়ে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস আটকা পড়ে। সংস্কার কাজ শেষে দুপুর সোয়া ১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠে।
শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় দু'দফা প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, লোকাল সুরমা মেইল, জালালাবাদ ও কুশিয়ারা এবং ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এসএস