পূর্বধলায় ঝড়ে গাছপালা বিধ্বস্ত, ফসলের ক্ষতি

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার ভোরে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু কাঁচা ঘর-বাড়িসহ গাছপালা বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি বোরো ফসলের। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
 
জানা গেছে, উপজেলার পূর্বধলা সদর, জারিয়া, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী ও ধলামূলগাঁও ইউনিয়নের ওপর দিয়ে আজ ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে বিশকাকুনী ও আগিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ৩০/৪০টি কাঁচা ঘর বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। এ সময় ঝড়ে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বহু গাছপালা বিধ্বস্ত হয় ও উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। বেশ কয়েক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায় ও খুঁটি উপড়ে পড়ে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা জানান, আজ সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী ও আগিয়া ইউনিয়নের বেড়াইল ও স্যাতাটি গ্রাম পরিদর্শন করেছেন। ক্ষয় ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস