সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভপুর ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে শিশু, কৃষক ও নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন তাহিরপুর উপজেলার ভাটিতাহিরপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে কৃষক নূর হোসেন (৩০), বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হযরত আলীর স্ত্রী সাহার বানু (৬২) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারহমগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস (১২)।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তাহিরপুরের শনির হাওরে, একই সময়ে দোয়ারাবাজার উপজেলার ডুমবন্ত গ্রামে এবং সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পুরানগাঁও এ দুর্ঘটনা ঘটে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, কৃষক নূর হোসেন মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে ধান কাটা শ্রমিকদের সঙ্গে নিজ জমিতে ধান কাটতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নবগোপাল দাস জানান, সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও গ্রামে মৃত হযরত আলীর স্ত্রী সাহারা বানু বাড়ি আঙ্গিনায় বজ্রপাতে নিহত হন।
অন্যদিকে, দোয়ারবাজার থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস জানান, দুপুর ১২টার দিকে উপজেলার ডুমবন্দ গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস গ্রামের পাশে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু