বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে ৬ অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী পুলিশ বিশেষ অভিযানে ৬টি অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
 
এস.আই রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার সন্ধ্যা ৬টায় পেকুয়া বাঁশখালী সীমান্ত এলাকায় ফুটখালী ব্রিজের পশ্চিম পার্শ্বে চেকপোস্ট বসিয়ে ৫টি অস্ত্র সহ ২ জনকে আটক করে।
 
অপরদিকে সোমবার বিকাল ৫ টার দিকে রামদাশ হাটের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ রাউন্ড কার্তুজ ও ১টি  দেশীয় (বন্দুক) এলজি অস্ত্রসহ ৩ জনকে আটক করে।
 
আটককৃতরা হলেন, বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের মৃত আলী মিয়ার পুত্র মো. করিম (২৫) এবং কাথরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাইদরী পাড়া এলাকার আবদুর রশিদের পুত্র নুরুল আলম (২৮), ইহছান (২২), অন্যদিকে জয়নাল আবেদীন(৩৪) পীং- মৃত আস্কার আলী  ও আব্দুল গফুর (২৫) মৃত ছগির আহমদ, উভয় সাং মাঝির পাড়া, ৯নং ওয়ার্ড, মহেশখালী, কক্সবাজার।
 
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন হিরা বলেন, আটক ব্যক্তিদের রিমান্ডে এনে তাদের সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে। উক্ত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে। 
 
ইত্তেফাক/নূহু