বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে এক ধান কাটা শ্রমিক মারা গেছেন। এসময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। গৌরনদী উপজেলা হাসপাতালের কত্যর্বরত চিকিৎসকেরা শ্রমিক খোকন প্রামানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বেল্লাল তালুকদারের চৌদ্দমেদা বিলের জমিতে কুষ্টিয়া থেকে আসা ১০জন শ্রমিক ধান কাটছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে খোকন প্রামানিক (২৮) ও অপর তিন শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষণা করেন।
বজ্রপাতে নিহত খোকন কুষ্টিয়া জেলার খোকসা থানার গফরগাঁও গ্রামের আলতাফ প্রামানিকের ছেলে। অপর আহত তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বাড়িও একই এলাকায়।
জমির মালিক বেল্লাল তালুকদার জানান, নিহত খোকনের লাশ নিয়ে তার সহকর্মীরা মঙ্গলবার দুপুরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
ইত্তেফাক/নূহু