রহনপুরে ৩ পুলিশ সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক এনজিও কর্মীকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ কর্মকর্তা ও দুইজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা হলো, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক নাফিউল ইসলাম, কনস্টেবল মশিউর রহমান ও সাব্বির রহমান। মঙ্গলবার জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
 
এদিকে সোমবারের এ ঘটনায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয়ের মাঠকর্মী মিনহাজুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করে। এছাড়া অভিযানের সময় সাজেদার বাড়ি থেকে জব্দ করা ১২ বোতল বাংলামদ আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে। 
 
গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান, আটককৃত দুইজনকে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটক ও আদায় করা অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
 
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে এক এনজিও কর্মীকে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/নূহু