সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের জজকোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম শহরের কাটিয়া এলাকার রওশান আলির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে জজকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুতগতি সম্পন্ন একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এসএস