সরকারের গণমুখী পদক্ষেপে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর: খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের গণমুখী পদক্ষেপে উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর হয়েছে। আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।
 
সেমিনারে সংশ্লিষ্ট অংশীজনেরা চরাঞ্চলে উৎপাদিত দুধ সংরক্ষণের জন্য সেখানে দুধ শীতলীকরণের ব্যবস্থা গ্রহণ এবং গরু-ছাগলের মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের জন্য সরকারের প্রতি সুপারিশ করেছেন। 
 
সিরডাপ মিলনায়তনে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া (আরডিএ) আয়োজিত ‘চর উন্নয়ন রিসার্চ সেন্টারের (সিডিআরসি) ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক এই সেমিনারে চরাঞ্চলের অংশীজনেরা বক্তৃতাকালে এই সুপারিশ করেন।
 
এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
চরাঞ্চলে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করা এই এলাকার মানুষের প্রধানতম সমস্যা উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনেরা সেমিনারে বলেছেন, চরাঞ্চলে গরু থেকে যে দুধ উৎপাদন হয়, তা তারা ঠিক মতো বিক্রি করতে পারেন না। তাই চরাঞ্চলে দুধ শীতলীকরণের জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলে এখানকার মানুষ ব্যাপক আকারে উপকৃত হবে। এছাড়া এখানে উৎপাদিত গরু-ছাগলের জন্য মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করতে পারলে অভ্যন্তরীণ মাংসের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও মাংস বিক্রি করা সম্ভব হবে বলে তারা মতামত ব্যক্ত করেছেন।
 
ইত্তেফাক/এমআই