খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির বলেছেন, বিএনপির মেয়র প্রার্থী ঢালাওভাবে তাদের নেতাকর্মীদের অহেতুক গ্রেফতারের যে অভিযোগ করে চলেছেন, তা মোটেও সত্য নয়। এটা তাদের একটি নির্বাচনী কৌশল হতে পারে। আজ বুধবার দুপুরে কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে এবং যারা নাশকতা করেন, মাদকের ব্যবসা করেন পুলিশ তাদের গ্রেফতার করছে।কোনো রাজনৈতিক দল যদি গ্রেফতারকৃতদেরকে তাদের নেতা বলে দাবি করে, তাহলে পুলিশের কিছুই করার নেই। তিনি বলেন, কোনো সাধারণ ও নিরীহ মানুষকে পুলিশ গ্রেফতার করছে না।
তিনি বলেন, খুলনা মহানগরীতে এক সময় সন্ত্রাসীদের হাতে অনেক মানুষ নিহত হয়েছে। এখানে আগের সেই দিন আর ফিরে আসতে দেয়া হবে না। কাউকে রাম রাজত্ব কায়েম করতেও দেয়া হবে না। তিনি বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রেস ব্রিফিংয়ে কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস