নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল : জ্যাকব

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে রোল মডেল। বাংলাদেশে নারী শিক্ষা ও নারীর অগ্রগতি অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডসহ আজীবন সম্মাননা প্রদান করা হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে নারী উন্নয়নে শেখ হাসিনা পথিকৃত।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র্য বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে বিভিন্ন আয় বর্ধক প্রকল্প হাতে নিয়েছে তার সরকার।
 
মন্ত্রী আজ বুধবার বেলা ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইচা থানার আওতাধীন ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচি’র আওতায় দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা এলজিইডি এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
উপমন্ত্রী বলেন, চেক বিতরনের মাধ্যমে অসহায় নারীরা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনেও এসব প্রকল্প চলমান থাকবে।
 
দরিদ্র মানুষের পাশে আওয়ামীলীগ সরকার সব সময় রয়েছে উল্লেখ করে জ্যাকব আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশে আজকে দারিদ্র্যের হার কমে আসছে। মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নেয়ন হচ্ছে।
 
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল করিম, চর কুকরী-মুকরী ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
 
অনুষ্ঠানে মন্ত্রী মোট ১৯০ জন নারীর মাঝে প্রায় ৭০ লাখ টাকার চেক বিতরণ করেন। এর আগে মন্ত্রী পৌর শহরের ২ নং ওয়ার্ডে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪১ লাখ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/নূহু