বুধবার সকাল ১১টায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির সভাকক্ষে তামাকের ওপর কর নীতিমালা ও তামাক পণ্যে কর বৃদ্ধির লক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও এসিডির নির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন এসিডির সহ সভাপতি শ্যামাপদ সান্যাল, এসিডির নির্বাহী পরিচালক সালিমা সারোয়ার, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। মুল বক্তব্য উপস্থাপন করেন এসিডির এডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম।
এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমনের উপস্থাপনায় সভায় নগরীর বিবি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, শাহ মুখদুম কলেজের শরীর চর্চা শিক্ষক সৈয়দুল আজম নিঠু, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, বাংলানিউজ ২৪.কমের করেসপন্ডেন্ট শরীফ সুমন, দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক সুব্রত দাস, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, দৈনিক সোনার দেশের প্রতিনিধি দুলাল আবদুল্লাহ ও এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
এমপি বাদশা বলেন, ‘তামাক জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। তামাকের ব্যবহার মানবদেহে নানা রোগের সৃষ্টি করে। জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির উপর তামাকের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করলে তামাকের ব্যবহার থেকে মানুষকে দূরে রাখতে হবে। আর এ জন্য প্রয়োজন সকল প্রকার তামাকের মূল্য বৃদ্ধি।'
তিনি আরও বলেন, 'বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পর্যায়ক্রমিকভাবে বিড়ি উৎপাদন বন্ধ করতে হবে। তামাকের উপর বিদ্যমান কর কাঠামো পরিবর্তন করে একটি একক কর নীতিমালা প্রণয়ন করতে হবে। তামাকের কর বাড়িয়ে তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত রাখা সম্ভব।’
ইত্তেফাক/নূহু