ময়মনসিংহের ফুলপুর পৌরশহরের ১ নম্বর ওয়ার্ড কমিশনার সাদিকুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার দিকে উপজেলার গোদারিয়া চরপাড়া মোড়ে অবস্থান করছিলেন সাদিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাদিকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রামের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সাদেকুর রহমানের সমর্থকরা রাত ৯টার দিকে পৌরশহরে বিক্ষোভ ও ব্যাপক তাণ্ডব চালিয়ে দোকানপাট ভাংচুর করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। ফাঁকা হয়ে পড়েছে পৌরশহর। দোকানপাট বন্ধ হয়ে গেছে। পৌরশহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এসএস/নূহু