কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার যাত্রাপুর গ্রামের দক্ষিনপাড়া খেলার মাঠ সংলগ্ন ধানক্ষেতে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, যাত্রাপুর পূর্বপাড়া গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলিম মিয়া(১৮) এবং একই পাড়ার হামিদ মিয়ার ছেলে ইমন মিয়া (১৪)।
জানা যায়, উপজেলার যাত্রাপুর গ্রামের দক্ষিনপাড়া খেলার মাঠ সংলগ্ন বোরোর ফসলি জমিতে সেলিম, ইমনসহ বেশ কয়েকজন কিশোর দিনমজুর হিসেবে ধান কাটতে যায়। বিকেলে হঠাৎ বৃষ্ঠি শুরু হওয়ায় ইমন ও সেলিম দৌড়ে বাড়ি ফিরছিল। পথে মাঠের মধ্যেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে দুজন।
বজ্রপাতে দুই কিশোর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন, নিহত দুজনের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ইত্তেফাক/নূহু