গাইবান্ধা জেলা শহরের কলেজপাড়ার একটি ছাত্রাবাস থেকে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলামসহ শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার লড়াট গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২২), গোবিন্দগঞ্জ উপজেলার বেড়ামালঞ্চা গ্রামের ইবনে সাউথ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৮), একই উপজেলার ডুমুরিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে রিয়াজুল ইসলাম (১৮), গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (২২), সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফিজ সরকার (১৮) ও ফুলছড়ি উপজেলার ভবানীপুর গ্রামের কবির ইসলামের ছেলে সাজু ইসলাম (১৮)।
এদের মধ্যে মাজহারুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এবং ফরহাদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলা শিবিরের সাথী এবং অন্যরা শিবিরকর্মী।
বুধবার সন্ধ্যায় গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার মুঠোফোনে বলেন, আটককৃতরা নাশকতা চালানোর জন্য গোপনে দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কলেজপাড়ার ওই ছাত্রাবাস থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা করা হয়নি।
ওসি বলেন, পলাশবাড়ীর নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার বিকেলে তাদের পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/নূহু