যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে একটি নতুন স্থানে নিয়ে যেতে চান। বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তার অব্যাহত চেষ্টা রয়েছে। তাই শেখ হাসিনার সরকার রাস্ট্রীয় ক্ষমতায় বারবার দরকার।
বুধবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাঙদহ বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ‘হাটসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করছেন, দেশের জন্য কাজ করছেন, আমাদেরও কর্তব্য তার হাতকে শক্তিশালী করা তার ভালো কাজের খবর সবার কাছে পৌঁছে দেওয়া।
তিনি আরো বলেন, আমি শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা আপনাদের কাছে বলতে এসেছি। বঙ্গবন্ধুকন্যা কোন এলাকার প্রতি পক্ষপাতিত্ব করে উন্নয়ন করছেন না। প্রতিটি গ্রামের স্কুল, কলেজ, রাস্তা-ঘাট, হাট-বাজারের সুষম উন্নয়নের মাধ্যমেই তিনি দেশের উন্নয়ন করেছেন।
মনিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সাথে তুলনা করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। জীবনযাত্রার মান উন্নয়ন করেছে।
ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য সালাউদ্দীন বাবুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রলীগ নেতা শামছুজ্জোহা লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বদরউদ্দীন বিল্টু, চৌগাছার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, ব্যাঙদহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. কাওসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আজগর আলী প্রমূখ।
ইত্তেফাক/কেআই