ইউপি চেয়ারম্যানের হাতে দুই ডাক্তার লাঞ্ছিত

ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর হাতে কর্তব্যরত দুই ডাক্তার লাঞ্ছিতের ঘটনায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার বিকালে ইউপি চেয়ারম্যান রেজাউর করিম ফকির তার স্ত্রীকে চিকিৎসা করাতে গেলে হাসপাতালে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, রেজাউল কারিম তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রথমে তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করতে বলেন। সে সময় চেয়ারম্যান তার স্ত্রীকে বিশেষ কেবিন দেয়ার জন্য বলেন। পরবর্তীতে বিশেষ কেবিনে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা না থাকায় কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মৌসুমী ইয়াছমিন চেয়ারম্যানকে অন্য কেবিনে তার স্ত্রীকে ভর্তি করার জন্য অনুরোধ করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মৌশুমিকে লাঞ্ছিত করেন।
 
এ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের সহযোগী ঠিকাদার মো. আনোয়ার হোসেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ কুমার মৃধাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা দায়িত্ব ও কর্তব্য পালন এবং জীবনের নিরাপত্তা চেয়ে ফকিরহাট মডেল থানাকে অবহিত করলে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রিয়াংকা পাল ও ফকিরহাট মডেল থানার ওসি আবু জাহিদ শেখ জানান,  বিষয়টি তদন্ত চলছে। তদন্তের ওপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রেজাউল করিমের মোবাইল ফোনে কল করে তাকে পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/আরকেজি