নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ছয় মাস বয়সের শান্তা নামের এক শিশু চুরিয় হয়েছিল ৭ দিন আগে। নোয়াখালী জেলার চাটখিল থেকে বৃহস্পতিবার তাকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে আটক করেছে।
আটককৃতরা হলো জাহানারা বেগম (৪০) এবং তার স্বামী দেলোয়ার হোসেন কাঞ্চন (৪৫)। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শিশু শান্তার মা রহিমা জানান, তারা দক্ষিণ সানারপাড় এলাকার আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকে। তাদের পাশের ঘরে জাহানারা নামে ওই মহিলাও ভাড়া থাকতো। গত ৩ মে শিশু শান্তাকে জাহানারার কাছে দিয়ে গোসল করতে যায় রহিমা। আধঘন্টা পরে রহিমা এসে জাহানারা এবং তার শিশু কন্যাকে ঘরে দেখতে না পেয়ে বাইরে খোঁজ করে।
শিশু শান্তাকে না পেয়ে রহিমা তার স্বামী মিজানকে খবর দেয়। মিজান বাড়িতে এসে সন্তানকে না দেখে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহম্মেদের নেতৃত্বে একটি টিম শিশুটিকে উদ্ধারে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহযোগীতায় নোয়াখালী জেলার চাটখিলে আসামীদের অবস্থান নিশ্চিত করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলার চাটখিল বাজার এলাকার দিদারুলের ছয় তলা বিল্ডিংয়ের একটি ফ্লাট থেকে শিশু শান্তাকে উদ্ধার করা হয়। এসময় শিশু শান্তাকে চুরির অভিযোগে পুলিশ জাহানারা ও দেলোয়ার হোসেন কঞ্চন দম্পতিকে আটক করে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ শরফুদ্দীন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল আহম্মেদ।
ইত্তেফাক/নূহু