আফগান ক্রিকেটে নতুন একটা বিস্ময় হচ্ছে রাশিদ খান। ক্রিকেটে নবাগত দলটির এই ক্রিকেটারকে নিয়ে লেগ স্পিনারকে নিয়ে ভাবতে হয় যে কোনও দলেরই। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সূচি প্রকাশের পর রাশিদকে নিয়ে ভাবতে শুরু করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
অনেক সময়ই শেষ দিকে বড় লক্ষ্যের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে হয় মুশফিককে। তাই এ সময়ে আফগান লেগ স্পিনারকে সামলানোর পরিকল্পনা রয়েছে তার মাথায়। মুশফিক বলেন, ‘রশিদ খান তো বিশ্বমানের বোলার। নিয়মিত ভালো করছে। এবারের আইপিএলেও দু-এক ম্যাচ ছাড়া তার বিপক্ষে ওভারে ছয়-সাতের বেশি রান কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। ব্যক্তিগতভাবে কয়েকটি জায়গায় আমি কিছু কাজ করছি। আশা করি, স্কোরিং শট বের করতে পারব।’
রাশিদের পাশাপাশি মুজিব জাদরানকেও গণনায় রাখছেন মুশফিক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি এমন খেলা, যেখানে একজন বোলারকে দেখে খেলার সুযোগ নাই। অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে, যেখানে একটু ঝুঁকি নিয়ে হলেও যাতে রানটা করতে পারি। ওদের শুধু রশিদ খান না, মুজিব ভালো করে থাকে। বিশেষ করে নতুন বলে।’
ইত্তেফাক/কেআই