লন্ডন মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে মুজিবনগর দিবসের ওপর এক আলোচনা অনুষ্ঠান ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। 

ভারপ্রাপ্ত হাইকমিশনার জুলকার নায়েনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফসহ বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সিনিয়র প্রতিনিধিবৃন্দ অংশ নেন। 

আলোচনা অনুষ্ঠানে বক্তারা মুজিবনগর দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে নতুন প্রজম্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ১৭ এপ্রিল দিনটির তাৎপর্য বিশাল। মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্ধনাথতলা গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরবর্তীতে এ বৈদ্ধনাথতলাকে ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি