অভিযানে গিয়ে সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত দুই

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার মানিকদি নামকস্থানে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় এএসআইসহ দুইজন মারা গেছেন। তারা রাতে আসামি ধরতে অভিযানে বের হয়েছিলেন।
 
নিহতরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মিরাজ উদ্দিন (২৫) এবং সোর্স রাজু মিয়া (২২)। মিরাজের বাড়ি গাজীপুর সদরে আর নেত্রকোনার চকপাড়া এলাকার বাসিন্দা রাজু।
 
পুলিশ সূত্র জানায়, এএসআই মিরাজ উদ্দিনের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি টিম শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মাহেন্দ্রযোগে নেত্রকোনায় পাঠানো হয়। আর এএসআই মিরাজ উদ্দিন ও রাজু যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে। যাওয়ার পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামে আরাফাত অটোরাইস মিলের সামনে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তারা মারা যান।
 
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শাহ নুর জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ। নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি