নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত শতাধিক

নেত্রকোনায় আজ শুক্রবার কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে একজন নিহত সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত আ. মালেক (৬০) এর বাড়ী সদর উপজেলার কাঠাখালী গ্রামে। আহত এমদাদ হোসেন (৩০) ও তার মা পৌর শহরের পারলা এলাকার বাসিন্দা।
 
স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে পৌর শহরসহ সদর উপজেলার বাংলা, মৌগাতী, চল্লিশা আমতলা ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ে বয়ে যায়। এসময় উপজেলার কাঠাখালী গ্রামের আ. মালেক ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। এতে প্রায় পাঁচ শতাধিক কাঁচা আধা পাকা ঘর-বাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়। এদিকে বিদ্যুতের খুঁটি তারসহ মাটিতে পড়ে যায়। তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকে পৌরশহরসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
 
এছাড়া শিলা বৃষ্টিতে ইরি-বোর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেকেই। দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। নেত্রকোনা জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম সকালেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতির হিসাব নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে জানান।
 
ইত্তেফাক/এসএস