ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি বাসস্ট্যাণ্ড এলাকায় বাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই পিতা-পুত্রসহ পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পর আরো ১ জন মারা যায়। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হালুয়াঘাট থেকে ইমাম পরিবহনের একটি ঢাকাগামী বাস ও ময়মনসিংহ থেকে ফুলপুরগামী সিএনজি অটো রিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই ৬ জন যাত্রী প্রাণ হারান। তারা সকলেই সিএনজি অটো রিকশার যাত্রী । ঘটনাস্থলেই পাঁজজন ও মুমূর্ষু অবস্থায় এক যুবককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল হক জানান, নিহতরা হলেন-সিএনজি অটো রিকশা চালক নূরে আলম ওরফে সোনা মিয়া (৪০)। যাত্রী আয়ুব আলী( ৫৫) ও তার পুত্র আ. করিম (২৪) এবং মেয়ের জামাতা ছলিম উদ্দিন (২২)। নাজিম উদ্দিন (২৮)। তারা সকলেই হালুয়াঘাট উপজেলার গড়পাড়া গ্রামের বাসিন্দা। তারা নারায়ণগঞ্জে রাজমিস্ত্রী শ্রমিকের কাজ শেষে ছুটি পেয়ে বাড়ি ফিরছিলেন। হাসপাতালে নিহত যুবকের নাম মাজহারুল (১৮)। তার বাড়ি হালুয়াঘাট উপজেলার নশাইপাড়া গ্রামে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। পুলিশ বাস সিএনজি অটো রিকশা জব্দ করেছে। এ ব্যাপারে তারাকান্দা থানায় মামলা হয়েছে। দুর্ঘটনার পর পরই ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে তদারকি ও সহায়তা করছেন।
ইত্তেফাক/কেআই