‘জীবন দিয়ে হলেও জঙ্গিবাদ রোধ করব’

‘হঠাও জঙ্গী বাঁচাও দেশ’ স্লোগানে টাঙ্গাইলের সখীপুরে মাদক ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সখীপুর থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি পুলিশিং সদস্য, পেশাজীবি সংগঠনসহ উপজেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের লোকজন অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিজের জীবন দিয়ে হলেও দেশকে জঙ্গিবাদমুক্ত করতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, দেশ স্বাধীন না হলে আমি আজকে টাঙ্গাইলের পুলিশ সুপার হতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, গোটা জেলায় মাদকসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। মাদকসেবী ও বিক্রেতাদের গ্রেফতারের পর কেউ তদবীর করলে সে যত বড় মাপেরই হোক তাদেরকেও ছাড় দেয়া হবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, যদি কোনো পুলিশ সদস্য অনিয়ম, ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সমাবেশে তিনি উম্মুক্ত আলোচনায় অংশ নেয়া লোকজনের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রশ্নের জবাব দেন। টাঙ্গাইল জেলার সহকারি পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আশরাফুল ইসলাম পিপিএমের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী স্বাগত বক্তব্য দেন।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, ইউএনও মৌসুমী সরকার রাখী, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ রেনুবর রহমান, পৌর কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এম ও গণি, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।

উম্মুক্ত আলোচনাতে নানা শ্রেণি-পেশার লোকজন মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, চুরি-ডাকাতি, রাহাজানি, বাল্যবিয়ে, যৌনহয়রানি, মোটরসাইকেল চুরিরোধ, সামাজিক অবক্ষয়রোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ইত্তেফাক/নূহু