ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

 
ময়মনসিংহে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— আলমগীর (২৪) ও সিরাজুল (২৩)। শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
 
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, সদর উপজেলার আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে নিয়ে পলাতক আসামিদের গ্রেফতার করতে রাত তিনটার দিকে স্থানীয় জয় বাংলা বাজার থেকে পরানগঞ্জগামী সড়কের কাছে পৌঁছালে পলাতক আসামি সিদ্দিকসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আসামি আলমগীর কৌশলে পালানোর সময় গুলিবিদ্ধ হন। এ সময় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক, রজব ও নাজমুল আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
 
অন্যদিকে গত বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উেক্ষপণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহ জিলা স্কুলের গণিতের শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কীকে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় ছিনতাইকারী সিরাজুল(২৩) সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার দিনগত রাত ৪ টার দিকে সিরাজুলকে সঙ্গে জড়িতদের গ্রেফতারে নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোড এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল মারা যান।
 

ইত্তেফাক/এএম