চলতি বছরে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অধ্যক্ষের গাফলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় ২৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী ডিগ্রি কলেজে। এব্যাপারে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ডের নির্ধারিত বোর্ড ফির অতিরিক্ত টাকা নিয়ে রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামিউল ইসলাম জীবন ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ করে নেয়। আজ শনিবার ডিগ্রির প্রথম বর্ষের বাণিজ্যিক বিভাগের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা প্রবেশপত্র নেয়ার জন্য অধ্যক্ষের কাছে আসলে জানতে পারেন তাদের মধ্যে ২৩ শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে।
ডিগ্রি পরীক্ষার্থী রোজিনা খাতুন, মোসলেমা খাতুন, জেসমিন খাতুন, উসমান গনী, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, সাগরসহ অভিযোগ করে বলেন, 'আমাদের জীবনের বড় ধরণের ক্ষতি করল অধ্যক্ষ। তার গাফলতির কারণে আমরা আজ ডিগ্রি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছি। আমরা এর সঠিক বিচার চাই।'
এ বিষয় রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামিউল ইসলাম জীবন বলেন, 'কাগজপত্রের কারণে এ সমস্যা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।'
উপজেলা নির্বাহী অফিসার জানান, শিক্ষার্থীরা এ বছর পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা প্রয়োজনীয় গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস