বেলের জোড়া গোলে সেল্টা ভিগোকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ

 
গ্যারেথ বেলের জোড়া গোলে শনিবার সেল্টা ভিগোকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এর ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মূল একাদশে বেলের অন্তর্ভূক্তি নিয়ে নতুন করে চিন্তা করতেই হচ্ছে মাদ্রিদ বস জিনেদিন জিদানকে।
 
গোঁড়ালির ইনজুরির কারণে কালও মাঠের বাইরে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সুযোগে ওয়েলস তারকা বেল নিজেকে মেলে ধরেন। প্রথমার্ধে তার দুই গোল ও ইসকোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। যে কারণে দুই সপ্তাহ পরে কিয়েভে লিভারপুলের বিপক্ষে ইউরোপিয়ান ফাইনালের শুরুতেই বেলকে দেখা গেলে অবাক হবার কিছু থাকবে না।
 
সানতিয়াগো বার্নাব্যুতে ১৩ মিনিটে বেলের গোলে মাদ্রিদ এগিয়ে যায়। লুকা মোদ্রিচের থ্রু বল থেকে বেল বল জালে জড়ান। ৩০ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বেল বাম পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন। মঙ্গলবার জন্মগ্রহণ করা তৃতীয় সন্তান এ্যালেক্স চার্লসের উদ্দেশে বেল তার গোল উদযাপন করেন। ম্যাচ শেষে জিদান বলেন, ‘এতে এটাই প্রমানিত হয় সকলেই উজ্জীবিত অবস্থায় আছে, একইসাথে ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুতি আছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দল বাছাই করা এখন সত্যিই কঠিন হয়ে গেল।’
 
৩২ মিনিটে ইসকোর গোলে মাদ্রিদ ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। মরোক্কান মিডফিল্ডার আচরাফ হাকিমি ৫২ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন। ৭৪ মিনিটে সার্জি গোমেজের আত্মঘাতি গোলে রিয়ালের গোলের সংখ্যা বাড়ে, অন্যদিকে সেল্টার ব্যর্থতার ষোল কলা পূর্ণ হয়। ৮১ মিনিটে জার্মান তারকা টনি ক্রুস রিয়ালকে ষষ্ঠ গোল উপহার দেন।
 
এই জয়ে লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার থেকে ১৫ ও নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকোর থেকে তিন পয়েন্ট পিছিয়ে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়াল টেবিলের তৃতীয় স্থানেই থাকলো।
 
এর আগে শনিবার কোকের গোলে গেতাফেকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার পথে আরো এগিয়ে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক ম্যাচের শেষের দিকে ফায়কাল ফাজারের পেনাল্টি আটকে দিয়ে দিয়েগো সিমিয়োনের দলের জয় নিশ্চিত করেন। বুধবার মার্সেইর বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনটাও বেশ ভালভাবেই সেড়ে নিল এ্যাথলেটিকো।
 

ইত্তেফাক/এএম