সিরাজগঞ্জের শাহজাদপুরে মারুফ হোসেন ( ১৪) নামের এক শিশুর গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধারের পর তড়িঘড়ি করে দাফন করার অভিযোগ পাওয়া গিয়েছে। পরিবার বলছে এটি আত্মহত্যা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য, উপজেলার বাঘাবাড়ী শাকতোলা গ্রামের রিয়াজ প্রামানিকের ছেলে মারুফ হোসেন শনিবার রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পরে ময়না তদন্ত ছাড়াই রবিবার ভোরে তড়িঘড়ি করে লাশ দাফন করে নিহতের পরিবার। তড়িঘড়ি করে লাশ দাফন করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, বাবা-চাচার সাথে নিহত মারুফের মনোমালিন্য চলে আসছিলো। কেউ বলছে নিহতের হাতে ব্লেডে কাটার চিহ্ন রয়েছে। নিহতের দাদী আকলিমা বেগম বলেন, আমার নাতী মারুফ রং মিস্ত্রীর কাজ করতে গিয়ে হাত কেটে গিয়েছিলো।
এ ব্যাপারে শাহজাদপুর অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া বলেন, আমাকে এ বিষয়টি কেউ জানায়নি।
ইত্তেফাক/নূহু