মুকসুদপুরে ব্র্যাক কর্মীর এক লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জের মুকসুদপুরে এক ব্র্যাক কর্মীকে মারধর করে একলাখ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারী দল। এ সময় এলাকাবাসী ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে টেকেরহাট-ফরিদপুর  মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ব্রিজের কাছে।
 
মারধরের শিকার মারাত্মক আহত ব্র্যাক কর্মী শিল্পী মহন্তকে নিকটতম রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও ব্র্যাক অফিস সূত্রে জানা যায়, উপজেলার চরপ্রসন্নদী ব্র্যাক অফিসের (কর্মসূচীর সংগঠক) শিল্পী মহন্ত (৩৬) প্রতিদিনের মত এলাকায় লোনের কিস্তি এক লাখ টাকা উঠিয়ে মোটরসাইকেলযোগে টেকেরহাট চরপ্রসন্নদী ব্র্যাক অফিসে ফিরছিল। পথে টেকেরহাট-ফরিদপুর  মহাসড়কের রাঘদী ব্রিজের নিকট পৌঁছুলে ৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। তাকে রাস্তার পাশে নিয়ে বেধড়ক মারধর করে। তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ব্র্যাক কর্মীর চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করে। এলাকাবাসী ছিনতাইকারী দলকে ধাওয়া করে মিজান মোল্যা (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। 
 
গ্রেফতারকৃত ছিনতাইকারী মিজান মোল্যা পার্শ্ববর্তী ছাগলছিড়া গ্রামের ইউনুস মোল্যার ছেলে।
 
সিন্দিয়াঘাট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকৃত টাকা উদ্ধার ও অন্যান্য ছিনতাকারীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু