ফুলবাড়ীতে সেতু খুলে দেওয়ায় ১২৫ পরিবার কর্মহীন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে ধরলা নদীর ওপর নির্মিত ধরলা সেতুটি ২৮ এপ্রিল শনিবার বিকালে খুলে দেওয়া হয়। তারপর থেকে ধরলা পাড়ের ১২৫ টি মাঝি পরিবার কর্মহীন হয়ে পড়েছে।
 
গত ১৫ দিন  অনেকেই পরিবার-পরিজন নিয়ে রোজগারের অভাবে না খেয়ে আছেন বলে জানা গেছে। অনেক মাঝি মোটা অংকের ঋণ নিয়ে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। এখন সেই ঋণ পরিশোধ না হতেই ধরলা নদীর সেতুটি খুলে দেওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দুচিন্তায় দিন কাটাচ্ছে মাঝি পরিবারগুলো।
 
এই ১২৫টি পরিবার র্দীঘদিন ধরে কুলাঘাটে ধরলা নদীর ওপর নৌকায় মানুষ পার করে জীবিকা নির্বাহ করতো। ধরলা নদীতে নৌকা চালিয়ে ১২৫টি পরিবারের মোট ৭৫০ সদস্যের দুইবেলা ডালভাত জুটতো। এই ১২৫টি পরিবারের সদস্যরা নৌকা চালানো ছাড়া অন্য কোন কাজ করতে পারে না। তাই তারা এখন দুচিন্তায় পড়েছেন।
 
এ ১২৫টি মাঝি পরিবার সরকারের কাছে আর্থিক সহায়তা, বিভিন্ন ব্যাংক এবং বে-সরকারী এনজিওর কাছে ঋণ চেয়ে কিংবা তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে আকুতি জানিয়েছে।
 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও জানান, বাংলদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসাবে সারা বিশ্বে পরিচিত। তাই কোন দরিদ্র পরিবার এদেশে না খেয়ে থাকবে না। সরকার সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রদান করবে। আমরা জানি ধরলা পাড়ের ১২৫টি মাঝি পরিবার যুগের পর যুগ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। যেহেতু তারা অন্য পেশায় কাজ করতে পারবে না। তাই তাদের সরকারীভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সামনে সরকারী কোন বরাদ্দ এলে ১২৫টি মাঝি পরিবারকে সহায়তা দেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু