ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর কুরুলিয়া খালে হাসান মিয়া (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গোসল করার জন্য ঝাঁপ দেওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। শনিবার জেলা শহরের পৌর এলাকার নয়নপুরে এ ঘটনা ঘটে।
হাসান মিয়া ওই গ্রামের লিলু মিয়ার ছেলে। হাসান তার বাবার সাথে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো।
হাসানের পরিবার ও স্হানীয়রা জানান, দুপুরের সহপাঠীদের সাথে বাড়ির পাশে কুরুলিয়া খালে (এন্ডারসন খাল) গোসল করতে এসেছিল। কচুরি পানায় ভর্তি খালটির একটি পরিষ্কার অংশে হাসান গোসলের জন্য ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর আর তাকে দেখেনি তার সহপাঠীরা। তারা অনেক খুঁজেও হাসানকে পায়নি।
পরিবারের সদস্যরাসহ এলাকার অনেকে খালে নেমে কচুরি পানার মাঝে ও খালে ডুব দিয়ে হাসানকে খোঁজে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে হাসানের খোঁজে উদ্ধার অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খালের কোথাও হাসানের দেহের সন্ধান পায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খালে স্রোত থাকায় সম্ভবত দেহ অনেক দূরে চলে গেছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেহটি উদ্ধারে চাঁদপুর থেকে ৫ সদস্যের ডুবুরি দল এসেছে। সকালে আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত দেহটি পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু