শাশুড়ি ও পুত্রবধূর লাশ উদ্ধার, আটক ২

নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামে দুবৃর্ত্তদের হাতে বউ-শাশুড়ি খুন হয়েছেন। উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সোমবার সকালে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী মালা বেগম (৫০) ও তার পুত্রবধূ রুমি বেগম (২২)। নিহত রুমি ওই বাড়ির লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর স্ত্রী।
 
খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে। এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে মনে করছেন স্থানীয় লোকজন।
 
সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আখলাক মিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। ২ বছর আগে তিনি একই গ্রামের ডা. নজরুল ইসলামের ছোট বোন রুমি বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বাড়িতে শুধু মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগম থাকতেন। দিনের বেলায়ও বাড়ির গেটে তালা লাগানো থাকত।
 
রবিবার রাত ১১টার দিকে হঠাৎ ‘আগুন আগুন’ বলে ওই ঘর থেকে চিকিৎকার শুরু হলে গ্রামের মানুষ এসে দেখতে পায় লাশ পরে আছে। এলাকাবাসী তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল গিয়ে লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। অপর দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুল ইসলাম, সার্কেল এসপি পারভেজ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
রুমি বেগমের বড় ভাই পল্লী চিকিৎসক নজরুল ইসলাম জানান, প্রতিদিনই তিনি তার বোনের বাড়ির লোকজনের খোঁজ খবর রাখতেন। গত রাতে রুমি মোবাইল ফোনে কল দিয়ে জানায় চোখে আঘাত পেয়েছে। পড়ে বাড়ির কাজের লোক তালেব মিয়া রাত সাড়ে ৯টার দিকে বোনের জন্য ওষুধ নিতে আসে। তার কাছে ওষুধ দিয়ে পাঠানোর দেড় ঘণ্টার মাথায় নির্মম এ ঘটনার খবর পান।
 
এলাকাবাসী জানায়, চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে লাশ দুটি দেখতে পান। এ সময় ঘরের একটি টেবিলে ৪টি চায়ের কাপ ছিল। এতে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা ঘটনার আগেই বাড়িতে অবস্থান করে চা চক্র করে। তবে ঘরের কোন মালামাল খোয়া যায়নি।
 
পুলিশ ঘরের ভেতর থেকে পায়ের ১টি জুতা ও ১টি হাতঘড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। এদিকে পুলিশ গভীর রাতে কাজের ছেলে তালেব মিয়া এবং প্রতিবেশী ক্বারী আব্দুস ছালামকে আটক করেছে।
 
ইত্তেফাক/আরকেজি