সাভারে নির্ধারিত তারিখে বেতন না পাওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়।
এ ঘটনায় বিরুলিয়া মিরপুর সড়ক আধাঘন্টা বন্ধ থাকে। সোমবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামরাইর গ্রামে সার্ক নীটওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, সার্ক নীটওয়্যার লিমিটেড গার্মেন্টসে কাজ করে প্রায় এক হাজার শ্রমিক। গত ১০মে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিলো মালিকপক্ষের। কিন্তু মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের বেতন দেয়নি। ফলে ১০ মে থেকে শ্রমিকরা কারখানায় উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছিলো। গতকালও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা বিরুলিয়া-মিরপুর সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছে।
এ ব্যাপারে সার্ক নীটওয়্যার লিমিটেড কারখানার এ্যাডমিন ম্যানেজার বিএম মিরাজ হোসেন বলেন, আমরা শ্রমিকদের বেতন দেওয়ার চেষ্টা করছি।
এদিকে বকেয়া চার মাসের বেতনের দাবিতে সাভারের আড়াপাড়া এলাকায় আব্বাস এ্যাপারেলন্স গার্মেন্টস কারখানার সামনে প্রায় ছয় শতাধিক শ্রমিক অবস্থান নিয়েছে। শ্রমিকদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশও রয়েছে।
শিল্প পুলিশ-১ এর ইন্সেপেক্টর হারুনুর উর রশিদ বলেন, শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে রয়েছে। মালিক পক্ষের আলোচনা চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/নূহু