রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টা থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালায় রাজশাহী র‍্যাবের একটি দল তাদের গ্রেফতার করে।
 
 সোমবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
 
র‌্যাব জানায়, প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রতিটি বাড়ি থেকেই কয়েকজন করে ব্যক্তি পালিয়ে গেছে।এসময় চার জেএমবি সদস্যের বাড়ি থেকে ১৫টি জিহাদি বই, চারটি ব্যক্তিগত ডায়েরি, ১২টি জিহাদি লিফলেট, একটি জিহাদ করার বিধির পরিপূর্ণ সেট উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে নাইমুল ইসলাম ওরফে নাইম (২০) ও রামনগর গ্রামের আবদুস সালামের ছেলে পিয়ারুল ইসলাম (২১), পুঠিয়া উপজেলার বেলপুকুর গ্রামের আমজাদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি মধ্যচর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাহাবুল ইসলাম (২৩)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস