বালিয়াকান্দিতে বন্ধুর হাতে বন্ধু খুন

রাজবাড়ীর বালিয়াকান্দির সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
 
নিহতের নাম আকাশ মোল্লা (১৪)। সে পাইককান্দি গ্রামের মশিয়াল মোল্লার ছেলে এবং বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। এঘটনায় থানা পুলিশ ৯জনকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাইককান্দি গ্রামের নুরুল মল্লিকের ছেলে মাশুক (১৬), রুহুল আমিনের ছেলে রানা (২৩), মেহেদি হাসানের ছেলে সামি মল্লিককে (১৪) আটক করা হয়েছে। অন্য ৬জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এলাকায় শান্তি রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
নিহতের বাবা মশিয়াল মোল্লা বলেন, প্রায় এক মাস আগে পাইককান্দি গ্রামের নুরুল মল্লিকের ছেলে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী মাশুক বিশ্বাস (১৬) এর সাথে স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী হেলার দোকানে কিরামবোড খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। তারই প্রেক্ষিতে আজ সোমবার সাড়ে ৩টার দিকে আমার ছেলে চন্দনা নদী থেকে গোসল সেরে বাড়ি ফেরার পথে পিছন থেকে  তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মাশুক। এসময় আমি ঘটনাস্থলে গেলে আমাকেও কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে আনা হলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাকে ওই হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করে।
 
পরে নিহত আকাশের স্বজনরা ক্ষিপ্ত হয়ে অপর পক্ষের উপর হামলা চালালিয়ে মাশুকের বাবা মো নুরুল মল্লিককে কুপিয়ে আহত করে। এঘটনায় বালিয়াকান্দি হাসপাতালে নিহতের বাবা মশিয়াল ও মাশুকের বাবা নুরুল মল্লিক ভর্তি রয়েছেন।
 
থানা অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস