ফতুল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী গ্রেফতার

ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোমানা আক্তারকে (২৫) কে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী রাজু আহমেদ (৩২)। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক রাজুকে ছোরাসহ আটক করে পুলিশের সোপর্দ করেছে।
 
ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার আহসান উল্লার বাড়িতে। তারা ওই বাড়িতে ভাড়া থাকে। নিহত রোমানা আক্তার ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার রবিউল মিয়ার মেয়ে এবং রাজু ঢাকার ধোলাইখাল এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।
 
নিহত রোমানা আক্তারের মা রুবি বেগম জানান, ৮ বছর পূর্বে রোমানার সঙ্গে ধোলাইখালের গাড়ির যন্ত্রাংশ ব্যবসায়ী রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা পশ্চিম দেলপাড়া এলাকার আহসান উল্লাহর বাড়িতে ভাড়ায় বসবাস করছে। বর্তমানে তাদের সাত বছর বয়সের একটি পুত্র সন্তানও রয়েছে।
 
ফতুল্লা মডেল থানার এস আই আমিনুল ইসলাম  জানান, গত রবিবার গভীর রাতে স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী রাজু স্ত্রী রোমানাকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘাতক রাজুকে রক্তমাখা ছারাসহ আটক করা হয়েছে।
 
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রোমানার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। রাজুকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু