ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বৃত্তি-উপকরণ, সৌর বিদ্যুৎ প্যানেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম। এ সময় তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ইউএনও ফারহানা করিমের সভাপতিত্বে ও গৌরীপুর ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র ক্ষত্রিয়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিধলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ হোসেন, মনাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, গৌরীপুর ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র ক্ষত্রিয় প্রমুখ।
আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী
ইউএনও ফারহানা করিম জানান, স্থানীয় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর একশ জন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ১০ জন নারী-পুরুষকে সৌর বিদ্যুৎ এবং ২০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিনি জানান, সেলাই মেশিন যাদের দেওয়া হয়েছে তাদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেলাই প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে। প্রশিক্ষণ কালীন সময়ে প্রশিক্ষণার্থীরা ভাতা পাবেন।
ইত্তেফাক/অনি