আর কত বয়স হলে ভাতা পাবেন আবেজান বেওয়া

 
নওগাঁর বদলগাছীতে প্রবীণ আবেজান বেওয়া ৯০ বছর বয়সেও বয়স্ক ভাতা পাননি। শরীরের শক্তি ফুরিয়ে গেছে, স্বাস্থ্যের অবস্থাও খুবই খারাপ। পথচলার গতিও হারিয়ে গেছে, সর্ব শরীরে ব্যাথা। তারপরেও ক্ষুধার অবতারণায় দু-বেলা দু-মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদে লাঠির উপর ভর করে ধীরে ধীরে এ বাড়ি ও বাড়ি যেতে হয় এই প্রবীণ ব্যক্তিকে। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ালেও তার সৌভাগ্যে বয়স্কভাতা জোটেনি।
 
জানা যায়, উপজেলার বালুভরা ইউপির দোনাইল গ্রামের মৃত কবির উদ্দীনে স্ত্রী আবেজান বেওয়া। সংসার জীবনের মাঝামাঝি সময়ে স্বামীর মুত্যু ঘটে। ছেলে মেয়েরা বড় হয়ে নিজেদের মতো সংসার পেতেছে। তাই নিজের পেটের দায়ে ছুটে চলেন প্রতিবেশীদের দ্বারে দ্বারে। দুইবেলা খাওয়ার জুটলেও অসুস্থ হলে চিকিত্সা জোটেনা।
 
এই বৃদ্ধার বিষয়ে দোনইল গ্রামের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানান, অনেক চেষ্টা করেও তার জন্য বয়স্কভাতার কার্ড পাওয়া যায়নি। ভোটার আইডি অনুসারে তার বয়স এখন ৯০ বছর।
 
বালুভরা ইউপির চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, সমপ্রতি বিষয়টি আমি জেনেছি, আগামী তালিকা প্রনয়ন হলে তার নাম দেয়া হবে।
 

ইত্তেফাক/এএম