সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবীতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র্যাব-৮ এর সদস্যরা। গতকাল সোমবার গভীর রাতে মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এর আগে গত ১৩ মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।
উদ্ধারকৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মোন্তেজ খাঁর ছেলে রাশেদুল ইসলাম খাঁ (২৮), একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৭), একই গ্রামের মনোরঞ্জন ওরফে মনু মণ্ডলের ছেলে বিষ্ণু মণ্ডল (২২), সুধীর কুমার সরকারের ছেলে জয়দেব সরকার (৩৫), ফকির মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল (৩৩), জেহের আলী গাজীর ছেলে মাছুম বিল্লা গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা সাধুপাড়া এলাকার ফনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে রমেশ মন্ডল (২০)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ.এস.পি মুকুর এর নেতৃত্বে র্যাব সদস্যরা সোমবার গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু কাজল বাহিনীর আস্তানা থেকে অপহৃত উক্ত সাত জেলেকে উদ্ধার করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, বনদস্যু কাজল বাহিনীকে গ্রেফতারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসএস